ডিজিটাল প্রযুক্তিখাতে একযোগে কাজ করতে চায় বিমসটেক দেশগুলো

২২ জুন, ২০২৪ ২৩:১০  

ডিজিটাল প্রযুক্তি প্রবেশের বৈষম্য মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ( বিমসটেক) সদস্য দেশগুলো। রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনের প্রথম দিনেই একটি আঞ্চলিক কনসালটেশন অন গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (জিডিসি) উদ্বোধন করা হয়। বাংলাদেশ এবং বিমসটেক ​সচিবালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই জিডিসি-তে ডিজিটাল প্রযুক্তি প্রবেশের বৈষম্য মোকাবিলায় একসঙ্গে কাজ করারা ইচ্ছের কথা প্রকাশ করেছেন বঙ্গোপসাগর উপকূলবর্তী সাতটি দেশের প্রতিনিধিরা।  

রোববার (২৩ জুন) জিডিসির কনসালটেশন শেষ হবে। দুই দিনের সভায় পাঁচটি প্রযুক্তিগত অধিবেশনের আয়োজন করা হয়েছে। এতে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত ও টেকসই প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করবে।

শনিবার ( ২২ জুন) অনুষ্ঠিত সেশনে একটি উন্মুক্ত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ল্যান্ডস্কেপ বিকাশে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। তিনি উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং সাইবার নিরাপত্তা ইত্যাদির সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ডিজিটাল অবকাঠামো এবং অর্থনীতি বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে ডিজিটাল প্রযুক্তি প্রবেশের বৈষম্য মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) ​​ রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের  (বেসিস) ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল বক্তব্য রাখেন।